মূল অংশে যান

ব্যাংকের এসএমএস থেকে সরাসরি হিসাব

বিকাশ, নগদ বা ব্যাংক থেকে যে বার্তাটি আসে তাতে তারিখ, টাকার অঙ্ক আর কোন অ্যাকাউন্ট — সবই লেখা থাকে। সেই বার্তাটি Taka Tracker-এ পাঠিয়ে দিলে খসড়া তৈরি হয়ে যায়; আপনি শুধু দেখে নিয়ে “যোগ করুন” চাপেন। হাতে টাইপ করার দরকার পড়ে না।

এটা ব্যাংকের সাথে যুক্ত হওয়া নয়

  • আপনার ব্যাংকের পাসওয়ার্ড, পিন বা ওটিপি কখনো চাওয়া হয় না। যে বার্তাগুলো আপনি নিজে পাঠাবেন, শুধু সেগুলোই আসে।
  • কোনো ব্যাংকের সাথে আমাদের সংযোগ নেই। ব্যাংক জানেও না এই অ্যাপ আছে — বার্তাটি আপনার ফোন থেকে যায়, ব্যাংক থেকে নয়।
  • কোন নম্বরগুলোর বার্তা যাবে সেটা আপনি ঠিক করেন, আর যেকোনো সময় বন্ধ করে দিতে পারেন।
  • বার্তা এলেই খাতায় কিছু বসে না। প্রতিটি খসড়া আপনি না দেখা পর্যন্ত অপেক্ষা করে — অ্যাপ নিজে থেকে কোনো লেনদেন লেখে না।
  • সিক্রেটটি আপনার নিজের ওয়ার্কস্পেসের। অন্য কারো বার্তা আপনার খাতায় ঢুকতে পারে না, আপনারটিও অন্য কারো খাতায় যেতে পারে না।

অ্যান্ড্রয়েড

প্লে স্টোরের একটি SMS ফরওয়ার্ডার অ্যাপ

অ্যান্ড্রয়েডে একটি ছোট অ্যাপ লাগে যেটি নির্দিষ্ট নম্বর থেকে আসা বার্তা একটি ঠিকানায় পাঠিয়ে দেয়। প্লে স্টোরে এরকম অনেকগুলো আছে; নিচের ঘরগুলো সবকটিতেই থাকে, নাম আলাদা হতে পারে।

  1. ঠিকানা আর দুটি চাবি কপি করুন

    Taka Tracker খুলে সেটিংস → এসএমএস ইনবক্স-এ যান। সেখানে একটি ঠিকানা আর দুই জোড়া নাম-মান আছে — একটি ওয়ার্কস্পেস আইডি, আরেকটি সিক্রেট। তিনটিই কপি করার বোতাম আছে। এগুলো আপনার নিজের, কাউকে দেবেন না।

  2. ফরওয়ার্ডার অ্যাপ নামান

    প্লে স্টোরে খুঁজুন “SMS Forwarder” বা “SMS to URL Forwarder”। যেটি ওয়েবহুক বা URL-এ পাঠাতে পারে এবং হেডার বসাতে দেয়, সেটিই চলবে।

  3. নতুন নিয়ম বানান

    অ্যাপে একটি নতুন rule বা forwarder যোগ করুন। পাঠানোর ধরন হিসেবে ওয়েবহুক বা URL বেছে নিন — ইমেইল বা অন্য নম্বরে নয়।

  4. ঠিকানা ও পদ্ধতি বসান

    URL-এর ঘরে কপি করা ঠিকানাটি বসান। Method রাখুন POST, আর Content-Type রাখুন application/json।

  5. দুটি হেডার বসান

    Headers অংশে দুই জোড়া নাম ও মান হুবহু বসান — বাঁ পাশে নাম, ডান পাশে মান। একটি অক্ষর ভুল হলেও বার্তা গ্রহণ করা হবে না, আর সাড়া আসবে 401।

  6. বার্তার ঘর

    Body-তে অ্যাপে দেখানো JSON-টি বসান। যেখানে বার্তার লেখা বসার কথা, সেখানে ফরওয়ার্ডার অ্যাপের নিজের টোকেন দিন — কোনো অ্যাপে %text%, কোনোটিতে {{message}}। কোন টোকেন, সেটি ওই অ্যাপের নিজের সাহায্যে লেখা থাকে।

  7. কোন নম্বরগুলো পাঠাবে

    শুধু ব্যাংক, বিকাশ, নগদ বা রকেটের শর্টকোডগুলো বেছে দিন। সব এসএমএস পাঠালে ইনবক্স ওটিপি আর বিজ্ঞাপনে ভরে যাবে, আর দরকারি খসড়াগুলো তার নিচে চাপা পড়বে।

  8. একবার পরীক্ষা করুন

    অ্যাপ থেকে একটি বার্তা পাঠান। Taka Tracker-এর এসএমএস ইনবক্সে সেটি খসড়া হয়ে আসবে। একই বার্তা দুইবার গেলে দ্বিতীয়বার নতুন করে কিছু যোগ হবে না — একই লেনদেন দুইবার বসার ভয় নেই।

ফোনে ইন্টারনেট না থাকলে বার্তাটি তখন পাঠানো যাবে না; বেশিরভাগ ফরওয়ার্ডার অ্যাপ পরে আবার চেষ্টা করে। ব্যাটারি সেভারে অ্যাপটি বন্ধ হয়ে যেতে পারে — সেটিংসে ওই অ্যাপটিকে “Unrestricted” করে রাখলে ভালো।

আইফোন ও আইপ্যাড

অ্যাপলের নিজের Shortcuts অ্যাপ

আইফোনে ব্যাংকের বার্তা পড়তে পারে এমন কোনো তৃতীয় পক্ষের অ্যাপ ভরসা করার মতো নেই — আইওএস সেটি হতেই দেয় না, আর দিলেও ব্যাংকের বার্তা এমন কাউকে দেওয়া উচিত নয়। বদলে অ্যাপলের নিজের Shortcuts দিয়েই হয়। ধাপ কয়েকটা বেশি, কিন্তু একবারের কাজ।

  1. ঠিকানা আর দুটি চাবি কপি করুন

    Taka Tracker খুলে সেটিংস → এসএমএস ইনবক্স-এ যান। ঠিকানা, ওয়ার্কস্পেস আইডি আর সিক্রেট — তিনটিই কপি করে রাখুন।

  2. অটোমেশন খুলুন

    Shortcuts অ্যাপ খুলুন → নিচে Automation → + → নিচে নেমে Message বেছে নিন।

  3. কখন চলবে

    Message Contains ঘরে ব্যাংকের বার্তায় থাকে এমন একটি শব্দ দিন — যেমন BDT বা Tk। ঘরটি খালি রাখলে অটোমেশন চালুই হবে না। নিচে Run Immediately বেছে নিন, নাহলে প্রতিবার হাতে অনুমতি দিতে হবে।

  4. অ্যাকশন যোগ করুন

    Next → New Blank Automation → খোঁজার ঘরে Get Contents of URL লিখে সেটি যোগ করুন।

  5. ঠিকানা

    URL ঘরে কপি করা ঠিকানাটি বসান। কোনো IP বা পোর্ট নয় — ঠিকানাটি https:// দিয়ে শুরু হতে হবে, কারণ সিক্রেটটি সাথে যায় আর সাধারণ http-এ সেটি খোলা তারে চলে যাবে।

  6. Method

    Get Contents of-এর পাশের তীরটিতে চাপ দিন। Method করুন POST।

  7. পাঁচটি ঘর

    Request Body করুন JSON আর Headers খালি রাখুন। পাঁচটি ঘর যোগ করুন — workspace ও secret (কপি করা দুটি মান), channel = SMS, sender = বার্তা পাঠানো নম্বর, আর body-তে Shortcut Input ভেরিয়েবলটি। ওই নীল চিপটি কীবোর্ডের উপরে পাবেন; ওটার ভেতরেই আসল বার্তা থাকে।

  8. হেডার দিয়েও করা যায়

    হেডার পছন্দ হলে workspace আর secret ঘর দুটি বাদ দিয়ে ওই দুই জোড়া নাম-মান Headers-এ বসান। বাঁ পাশে নাম, ডান পাশে মান — উল্টে গেলে সাড়া আসবে 401।

  9. একবার পরীক্ষা করুন

    Done চাপুন। নিজের নম্বরে “BDT 100 test” লিখে একটি বার্তা পাঠান — সেটি এসএমএস ইনবক্সে খসড়া হয়ে আসবে।

আইফোনের অটোমেশন কেবল Messages অ্যাপে আসা বার্তাতেই চলে। WhatsApp, ইমো বা অন্য অ্যাপের বার্তা এভাবে পাঠানো যায় না। ফোন লক থাকলেও চলে।

বার্তা আসার পর

  • খসড়ায় তারিখ, টাকার অঙ্ক আর কোন দিকে গেল — সবই বসানো থাকে, আর বার্তার কোন অংশ থেকে কোনটি পড়া হয়েছে তা দাগ দিয়ে দেখানো হয়। ভুল হলে বদলে নিতে পারবেন।
  • খরচ, আয় নাকি ট্রান্সফার — তিনটি ট্যাব। ডিপিএসের কিস্তি বা কার্ডের বিল ট্রান্সফার, তাই সেগুলো আয়-ব্যয়ে যোগ হয় না।
  • ডিপিএসে টাকা গেলে সেই মাসের কিস্তিটাও নিজে থেকে “জমা হয়েছে” হয়ে যায়, যদি অঙ্ক হুবহু মেলে।
  • ডলারে কাটা বিল হলে কত টাকা কাটা হয়েছে সেটা জিজ্ঞেস করা হয় — কারণ ব্যাংক যে রেট কেটেছে সেটা কোথাও লেখা থাকে না।
  • একই বার্তা দুইবার এলে দ্বিতীয়বার নতুন কিছু হয় না।

খসড়াগুলো জমা থাকে এসএমএস ইনবক্স-এ।

কাজ না করলে

সাড়া আসছে 401
ওয়ার্কস্পেস আইডি বা সিক্রেটের কোনো একটি ভুল, অথবা নাম আর মান উল্টে বসেছে। সেটিংস থেকে আবার কপি করে বসান — হাতে টাইপ করবেন না।
ইনবক্সে কিছুই আসছে না
ফরওয়ার্ডার অ্যাপটি ওই নম্বরটিকে বেছে নিয়েছে কিনা দেখুন, আর ফোনের ব্যাটারি সেভার ওই অ্যাপটিকে বন্ধ করে রেখেছে কিনা দেখুন।
খসড়া আসছে কিন্তু টাকার অঙ্ক ফাঁকা
ওই ব্যাংকের বার্তার ছাঁচটি এখনো চেনানো হয়নি। অঙ্কটি হাতে বসিয়ে যোগ করে দিন, আর মতামত পাঠিয়ে বার্তাটি জানিয়ে দিন — ছাঁচটি যোগ করে দেওয়া হবে।
ওটিপি আর বিজ্ঞাপনে ইনবক্স ভরে যাচ্ছে
ফরওয়ার্ডারে শুধু ব্যাংক আর মোবাইল ব্যাংকিংয়ের শর্টকোডগুলো রাখুন, সব নম্বর নয়।

শুরু করবেন?

অ্যাকাউন্ট খোলা ফ্রি, কার্ড লাগে না। ঠিকানা আর সিক্রেট সেটিংসেই পাবেন।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন

takatracker.com