মূল অংশে যান

Taka Tracker

গোপনীয়তা

সর্বশেষ হালনাগাদ: ১৪ আগস্ট ২০২৬. এই পাতাটা আইনজীবীর জন্য নয়, আপনার জন্য লেখা।

আমাদের কেউ কি আপনার হিসাব দেখতে পারে?

পারে — এবং কখন পারে সেটা এখানে লেখা আছে। Taka Tracker-এর অপারেটর প্যানেল থেকে আমরা কোনো ওয়ার্কস্পেসের অ্যাকাউন্টের ব্যালেন্স ও সারসংক্ষেপ দেখতে পারি। এটা ইচ্ছাকৃত: “আমার হিসাব মিলছে না” বললে কাউকে তো দেখতে হবে।

যা আমরা দেখি না — আপনার পাসওয়ার্ড (সেটা আর্গন-টু দিয়ে হ্যাশ করা, ফেরত পড়ার উপায় নেই) আর আপনার সংযুক্ত মেইলবক্সের চিঠি, যেগুলো আপনার নিজের ওয়ার্কস্পেসেই থাকে।

প্রতিবার দেখলে তার রেকর্ড থাকে। অপারেটর কখন কোন ওয়ার্কস্পেসের টাকার হিসাব খুলেছে, সেটা আলাদা করে লেখা হয় — “প্ল্যান দেখেছে” আর “টাকা দেখেছে” দুটো আলাদা সারি। আপনি নিজের কার্যবিবরণী পাতায় সেটা পড়তে পারবেন। আমরা মুছতে পারি না; ওই তালিকায় কিছু বদলানোর কোনো পথ কোডে নেই।

কী কী রাখা হয়

  • আপনার নাম, ইমেইল আর মোবাইল নম্বর — অ্যাকাউন্ট চেনার জন্য।
  • আপনার লেনদেন, অ্যাকাউন্ট, খাত, ট্যাগ, ধার-দেনা, সঞ্চয় ও বীমার তথ্য।
  • যেসব ডিভাইস থেকে সাইন-ইন করেছেন — সেটিংসে তালিকা আছে, চাইলে সরাতে পারেন।
  • সংযুক্ত করলে: টেলিগ্রাম আইডি, মেইলবক্সের চিঠি, আপলোড করা রসিদ।

টাকার অঙ্ক পূর্ণসংখ্যা পয়সায় রাখা হয় আর প্রতিটি লেনদেন ডাবল-এন্ট্রিতে লেখা — এটা গোপনীয়তার কথা নয়, নির্ভুলতার কথা, কিন্তু জেনে রাখা ভালো।

কোথায় থাকে

জার্মানিতে একটি ভাড়া করা সার্ভারে, PostgreSQL ডাটাবেসে। যাওয়া-আসার পথ HTTPS দিয়ে এনক্রিপ্টেড। প্রতিদিন ব্যাকআপ নেওয়া হয় এবং প্রতিটি হালনাগাদের আগে আলাদা করে একটা ব্যাকআপ রাখা হয়।

প্রতিটি ওয়ার্কস্পেসের তথ্য নিজের ওয়ার্কস্পেসে, আর প্রতিটি প্রশ্ন ওয়ার্কস্পেস ধরেই করা হয় — উপরের অপারেটর প্যানেলই এর একমাত্র ব্যতিক্রম।

কাকে দেওয়া হয়

বিজ্ঞাপনদাতাকে নয়। কোনো ডেটা ব্রোকারকে নয়। বিক্রি করা হয় না। যাদের ছাড়া অ্যাপটা চলে না, শুধু তাদের কাছে যতটুকু দরকার ততটুকু যায়:

  • ইমেইল পাঠানোর সেবা — আপনার ইমেইল ঠিকানা আর চিঠির লেখা।
  • এসএমএস গেটওয়ে — শুধু বাংলাদেশি নম্বর আর কোডটুকু, কখনো তিনবারের বেশি নয়।
  • টেলিগ্রাম — আপনি নিজে যুক্ত করলে, রিমাইন্ডার পাঠাতে।

আদালতের বৈধ আদেশ ছাড়া আর কাউকে নয়। এমন কিছু ঘটলে, আইনে নিষেধ না থাকলে, আপনাকে জানানো হবে।

আপনি যেসব লিংক শেয়ার করেন

বিবরণী শেয়ারের লিংক লিংকটাই চাবি — যার কাছে লিংক আছে সে অ্যাকাউন্ট ছাড়াই দেখতে পাবে। তাই লিংকের মেয়াদ থাকে (সর্বোচ্চ এক বছর), আপনি যেকোনো সময় বাতিল করতে পারেন, আর কতবার খোলা হয়েছে সেটা আপনাকে দেখানো হয়।

সার্চ ইঞ্জিন যাতে না পায় সে জন্য ওই পাতাগুলোতে noindex দেওয়া থাকে, আর ক্যাশে রাখা বারণ করা থাকে। তবু: লিংকটা যাকে পাঠাচ্ছেন তাকেই পাঠান।

আপনার অধিকার

  • নিজের সব তথ্য নামিয়ে নিতে পারেন — সেটিংস থেকে।
  • অ্যাকাউন্ট মুছে দিতে বললে ওয়ার্কস্পেসসহ সব মুছে যাবে।
  • ভুল তথ্য যেকোনো সময় নিজে ঠিক করতে পারেন।
  • কে কী দেখেছে, কার্যবিবরণীতে পড়তে পারেন।

কুকি

শুধু সাইন-ইন রাখার জন্য দুটি কুকি। কোনো বিজ্ঞাপনের ট্র্যাকার নেই, তৃতীয় পক্ষের অ্যানালিটিক্স নেই, ফেসবুক পিক্সেল নেই।

প্রশ্ন থাকলে

হটলাইন 09642500400, অথবা টেলিগ্রামে. Taka Tracker বাংলাদেশ থেকে পরিচালিত।